সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সিসিটিভি দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয় এবং সেখানে বিষয়টি সমাধান করা হয়।তবে প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তাদের আবারও ধাওয়া করে দত্ত হলে নিয়ে যায়। সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, মারামারির ঘটনায় মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, সকালে বিষয়টি সমাধান করা হলেও পরে ক্যাম্পাস গেট ও দত্ত হলে আবারও মারামারি হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিসিটিভি দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন