শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোবিপ্রবিতে ফেসবুক পোস্ট ঘিরে আইন-ইতিহাস বিভাগের ধাওয়া-পাল্টা ধাওয়া

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। পরে নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এর আগে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।অন্যদিকে, ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ-পদবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে মেসেঞ্জারে হুমকির অভিযোগকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে।এরপর আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের খোঁজ করেন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনার ভিডিও ধারণের সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ জানান, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

গোবিপ্রবিতে ফেসবুক পোস্ট ঘিরে আইন-ইতিহাস বিভাগের ধাওয়া-পাল্টা ধাওয়া