বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

প্রধান শিক্ষকের সঞ্চিত অর্থে ধর্মপাশায় ৫১ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের ব্যক্তিগত সঞ্চিত অর্থে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। বিশেষ অতিথি ছিলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনি রায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি প্রধান শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ অতিথি মোকাররম হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। শিক্ষার্থীদের কল্যাণে ইউনিয়ন পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় প্রধান শিক্ষকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে সাধ্য অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষকের সঞ্চিত অর্থে ধর্মপাশায় ৫১ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ