আটোয়ারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদায় অনন্য অবদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, একটি আলোকিত জাতি গঠন ও সুনাগরিক তৈরিতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের মর্যাদা, পেশাগত অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।তারা শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানান।আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।