কয়রায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে সহযোগিতার অভিযোগ
খুলনার কয়রা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা এবং আদম পাচারের সঙ্গে জড়িত থাকার সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।অভিযুক্ত শিক্ষক আঃ রহিম সরদার কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে মহেশ্বরীপুর গ্রামের ভুক্তভোগী আয়শা খাতুন উপজেলা নির্বাহী অফিসারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী আছাদুল সরদার বিদেশে থাকাকালীন সময়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বিদেশে নেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব কাজে মাদ্রাসা শিক্ষক আঃ রহিম সরদার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।এছাড়া অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি একটি গোপন বিয়ের ব্যবস্থা, হলফনামা তৈরি এবং ভুক্তভোগীর স্বামীর নামে নতুন পাসপোর্ট প্রস্তুতের প্রক্রিয়ায়ও তার সম্পৃক্ততা রয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক আঃ রহিম সরদার। তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।