সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

কাউন্সিলর জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ, শায়েস্তাগঞ্জে মানববন্ধন মঙ্গলবার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে আনা অভিযোগ, সংবাদ সম্মেলন ও দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভমুখর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সভা থেকে আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুলসুনাম গ্রামের মিরাণ শাহ তাতারী (রহ.) হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো. রজব আলী।সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শফি কাইয়ুম, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, হাজী মলাই মিয়া, সমাজসেবক মাসুক আহমেদ, জহুর আলী, মিসবা, সুনাই মিয়া, করম আলী, কিতাব আলী শাহিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আয়োজকদের দাবি, প্রতিবাদ সভায় প্রায় ৫০০ জন এলাকাবাসী অংশ নেন।বক্তারা বলেন, গত ২৩ জুলাই হবিগঞ্জ প্রেস ক্লাবে হাজেরা খাতুন ও তার সহযোগীদের আয়োজিত সংবাদ সম্মেলনে একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে।তারা অভিযোগ করেন, এসব বক্তব্যের মাধ্যমে একজন জনপ্রতিনিধির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।বক্তারা আরও দাবি করেন, আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। সভা থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে সংবাদ সম্মেলন ও মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা।

কাউন্সিলর জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ, শায়েস্তাগঞ্জে মানববন্ধন মঙ্গলবার