মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

৯ তদন্তের পরও ছাড়পত্র কেন? পরিবেশ মন্ত্রণালয়কে শাহানাজ মুন্নীর প্রশ্ন

ঢাকা: দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে অসংখ্য সংবাদ সম্মেলন কাভার করলেও পরিবেশ রক্ষার স্বার্থে এবার নিজেই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক ও কলামিস্ট শাহানাজ মুন্নী।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার নাগেরবাগ এলাকায় প্রস্তাবিত একটি কারখানার পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন তোলেন।শাহানাজ মুন্নীর অভিযোগ, ‘শাহীন কেমিক্যাল ওয়ার্কস’ নামে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে রয়েছে মসজিদ, মন্দির ও একটি মহিলা মাদ্রাসা। তার দাবি, কারখানাটি চালু হলে স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের প্রধান ও আঞ্চলিক কার্যালয় থেকে ওই প্রকল্প নিয়ে মোট ৯ বার তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে এলাকাটিকে আবাসিক হিসেবে উল্লেখ করে সেখানে শিল্প স্থাপন অনুপযোগী বলে মত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, দীর্ঘ তদন্তের পর পরিবেশ অধিদপ্তর কারখানাটির অস্থায়ী ছাড়পত্র বাতিল করলেও পরবর্তীতে আপিলের মাধ্যমে পুনরায় ছাড়পত্র পাওয়ার চেষ্টা চলছে।শাহানাজ মুন্নী প্রশ্ন তোলেন, “পরিবেশ অধিদপ্তরের ৯টি তদন্ত ও লিখিত মতামতের পরও কীভাবে অল্প সময়ের শুনানিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ তৈরি হয়?”তিনি দাবি করেন, একই এলাকায় এর আগে ‘ইমাম পোল্ট্রি ফার্ম’ পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বন্ধ করা হয়েছিল এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল। তাই একই স্থানে নতুন করে দূষণকারী শিল্প স্থাপনের উদ্যোগ পুনর্বিবেচনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রস্তাবিত কারখানাটির স্থায়ী পরিবেশগত ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানান শাহানাজ মুন্নী। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের আগের সিদ্ধান্ত বহাল রাখা ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

৯ তদন্তের পরও ছাড়পত্র কেন? পরিবেশ মন্ত্রণালয়কে শাহানাজ মুন্নীর প্রশ্ন