আটোয়ারীকে বিদায় জানালেন মানবিক নির্বাচন কর্মকর্তা মো শাহাজাহান মানিক
দীর্ঘ ও সফল কর্মজীবন শেষে সহকর্মী ও আটোয়ারীবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসকে বিদায় জানালেন সদ্য সাবেক উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাজাহান মানিক।বদলিজনিত বিদায় উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) আটোয়ারী উপজেলা নির্বাচন পরিবারের পক্ষ থেকে তাঁকে এক আবেগঘন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের নানা দিক স্মরণ করেন সহকর্মীরা।বিদায়ী সংবর্ধনায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা বলেন, শাহাজাহান মানিক শুধু একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও মানবিক একজন মানুষ। দায়িত্ব পালনকালে সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচন অফিসের কর্মপরিবেশ গতিশীল রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। বক্তারা বলেন, তাঁর মতো সৎ ও মিষ্টভাষী কর্মকর্তার কাছ থেকে কাজ শেখা এবং মাঠপর্যায়ে সেবা দেওয়ার অভিজ্ঞতা আটোয়ারী নির্বাচন পরিবারের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে শাহাজাহান মানিক আটোয়ারীবাসী ও সহকর্মীদের সহযোগিতা এবং ভালোবাসার কথা স্মরণ করেন।তিনি বলেন, “আটোয়ারীতে দায়িত্ব পালনকালের প্রতিটি মুহূর্ত আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার মানুষের সহযোগিতা ও সহকর্মীদের আন্তরিকতা আমি কখনো ভুলব না।”তাঁর বিদায়ে সহকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।