সালমান শাহর জন্মদিনে শাবনূর, ‘তুমি যেন আবার ফিরে এসেছো’
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহকে জন্মদিনে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নব্বইয়ের দশকের স্মৃতি এবং সালমান শাহর মানবিক গুণের কথা তুলে ধরেছেন তিনি।শাবনূর লেখেন, নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলো এখনো তার চোখের সামনে ভাসে। শুটিং সেটে সালমান শাহ শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ।সালমান শাহর মানবিকতার কথা উল্লেখ করে শাবনূর বলেন, তিনি আশপাশের প্রতিটি মানুষকে সম্মান করতেন। শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না। সবার খোঁজ নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে যত্ন নেওয়ার বিষয়টিও স্মরণ করেন তিনি।শাবনূরের ভাষায়, সালমান শাহর সুন্দর মন ও মানবিকতাই তাকে আজও মানুষের হৃদয়ে বাঁচিয়ে রেখেছে। পুরোনো গান কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য দেখলে তার মনে হয়, যেন সেই সোনালী দিনগুলো আবার ফিরে এসেছে।আবেগঘন বার্তায় শাবনূর লেখেন, ‘মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’প্রয়াত এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর মহান আল্লাহর কাছে তার ক্ষমা ও জান্নাতের সর্বোচ্চ স্থান প্রার্থনা করেন।একই সঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রয়াত এই শিল্পীর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধারণ করার কথাও বলেন শাবনূর।
নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তাদের জুটি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।