শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা, ইরান-যুক্তরাষ্ট্রে তীব্র মতবিরোধ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি কার্যকর হওয়ার পরও অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ দফা নিয়ে দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।গত ১৮ জুন ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে দুই দেশ শান্তি চুক্তিতে সম্মত হলেও লেবাননে চলমান সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফলে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চুক্তি-পরবর্তী শান্তি সংলাপও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।আলজাজিরার বরাতে জানা যায়, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর দফা নিয়ে প্রধান বিরোধ তৈরি হয়েছে।চুক্তির ১ নম্বর দফায় লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। ৪ নম্বর দফায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি থাকলেও তা নিয়েও মতপার্থক্য রয়েছে।৫ নম্বর দফায় ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা থাকলেও ওয়াশিংটন এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে ১০ নম্বর দফায় নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার শর্ত থাকলেও উভয় পক্ষ একে অপরকে শর্ত লঙ্ঘনের অভিযোগ করছে।১১ নম্বর দফায় ইরানের ফ্রিজড সম্পদ (প্রায় ২৪ বিলিয়ন ডলার) মুক্তির বিষয়টি উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি দেখায়নি।ইরানের দাবি, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পূর্বের সমঝোতা বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম কার্যক্রমের স্বচ্ছ প্রমাণ দাবি করছে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আস্থা সংকট আরও গভীর হচ্ছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।