বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে জুলাই শহীদ দিবস, শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও স্মরণসভা

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ সাজ্জাদের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।সকালে শহরের হাতিখানা কবরস্থানে সৈয়দপুরের কৃতি সন্তান শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আরমান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এর আগে শহীদ সাজ্জাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে উপজেলা পরিষদের হলরুমে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা।স্মরণসভায় বক্তব্য দেন শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজুসহ অন্যান্য অতিথিরা।বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সৈয়দপুরে জুলাই শহীদ দিবস, শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও স্মরণসভা