হরমুজে যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে এক্সবক্স
ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় উচ্চক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র ব্যবহারের দিকে এগোচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এমন একটি লেজার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আলোচনার কেন্দ্রে রয়েছে অস্ত্রটির নিয়ন্ত্রণ পদ্ধতিও। কিছু লেজার সিস্টেম পরিচালনায় ভিডিও গেমের এক্সবক্স কনসোলের মতো কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে।লেজার অস্ত্র জেনারেটর বা ব্যাটারি থেকে শক্তি নিয়ে সেটিকে কেন্দ্রীভূত আলোকরশ্মিতে পরিণত করে। ওই রশ্মি লক্ষ্যবস্তুর নির্দিষ্ট অংশে প্রচণ্ড তাপ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ অকার্যকর করা বা সেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়।প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তির বড় সুবিধা হলো লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করে নির্দিষ্ট অংশে অত্যন্ত নিখুঁতভাবে শক্তি প্রয়োগ করা যায়।লেজার অস্ত্রের কিছু ব্যবস্থায় গেমিং কন্ট্রোলার ব্যবহারের বিষয়টি প্রযুক্তিবিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর যুক্তি হলো, গেমিং শিল্পে ইতোমধ্যে সহজ ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি রয়েছে। ফলে সামরিক ব্যবহারের জন্য নতুন করে একই ধরনের কন্ট্রোলার তৈরি করার প্রয়োজন কমে যায়।বোয়িংয়ের তথ্য অনুযায়ী, তাদের কমপ্যাক্ট লেজার ওয়েপন সিস্টেম (CLWS) এক্সবক্স কন্ট্রোলার দিয়ে পরিচালনা করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক অপারেটররা তুলনামূলক স্বল্প প্রশিক্ষণেই সিস্টেমটি পরিচালনা করতে সক্ষম হয়েছেন।মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন দেশে লেজার প্রযুক্তির পরীক্ষা ও মোতায়েন চালিয়েছে। বোয়িংয়ের CLWS ২০২৪ সালে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ মহড়ায় বড় ড্রোন মোকাবিলায় ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া মার্কিন নৌবাহিনীর হেলিওস নামের আলাদা একটি লেজার ব্যবস্থা যুদ্ধজাহাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি ড্রোন, ছোট নৌযান ও বিভিন্ন সেন্সর মোকাবিলায় ব্যবহারের জন্য তৈরি।লেজার অস্ত্রের কার্যকারিতা সব পরিস্থিতিতে একই রকম নয়। আবহাওয়া ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এর কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। একই সময়ে অনেক ড্রোন হামলা হলে প্রতিটি লক্ষ্যবস্তুর ওপর পর্যাপ্ত সময় লেজার ধরে রাখাও কঠিন হতে পারে।
তাই লেজার প্রযুক্তিকে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিকল্প হিসেবে নয়, বরং বহুস্তরীয় প্রতিরক্ষার একটি অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।