হবিগঞ্জে লাখাইয়ের লুটপাট মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি লুটপাট মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের একটি মাঠ থেকে আকতার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ছালেক মিয়ার ছেলে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আবু কাউছার ও পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি শরীফ আহমেদ বলেন, অভিযানে প্রধান আসামিকে আটক করে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।