পরিবারে হাত দিলে সীমা ছাড়ালে ছেড়ে দেব দায়িত্ব ক্লপ
জার্মান জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কঠোর বার্তা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। পরিবারকে বিরক্ত করা হলে কিংবা সংবাদমাধ্যম সীমা অতিক্রম করলে দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাবেক লিভারপুল কোচ।শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লপকে আনুষ্ঠানিকভাবে জার্মানির প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর দীর্ঘ বিরতির শেষে আবারও কোচিংয়ে ফিরেছেন ৫৯ বছর বয়সী এই জার্মান।নিজের অবস্থান পরিষ্কার করে ক্লপ বলেন, “যেদিন আপনারা আমাকে আর চাইবেন না, সেদিনই জানিয়ে দেবেন। আমি কোনো ক্ষতিপূরণ ছাড়াই চলে যাব। ডিএফবি মনে করলে আমি যথেষ্ট ভালো নই, তবুও সরে যাব। কিন্তু আপনারা যদি সীমা ছাড়ান এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তাহলে আমিও থাকব না।”এর আগে জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইয়ুলিয়ান নাগলসমানকে সংবাদমাধ্যমের সমালোচনা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতার পর শুরুতেই নিজের অবস্থান জানিয়ে দিলেন ক্লপ।রেড বুলের সঙ্গে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সমঝোতা এবং নিজের নিয়োগ নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জার্মানির দায়িত্ব নেওয়ার আগে রেড বুলের গ্লোবাল সকার বিভাগের প্রধান ছিলেন ক্লপ।সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের এগিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তবে প্রতিবেদনের গতি নয়, তথ্যের যথার্থতাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার।”২০২৬ বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর নাগলসমানের সঙ্গে সম্পর্ক শেষ করে ডিএফবি। এরপর ২০৩০ সাল পর্যন্ত ক্লপকে নিয়োগ দেওয়া হয়েছে। তার অধীনে জার্মানি ২০২৮ ইউরো ও ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি নেবে।ক্লপ জানিয়েছেন, জার্মানি জাতীয় দলের দায়িত্বই তার কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে। তিনি বলেন, “জাতীয় দলের পর ইয়ুর্গেন ক্লপের আর কোনো ক্যারিয়ার নেই। আশা করি, এটিই হবে আমার ক্যারিয়ারের সর্বোচ্চ অধ্যায়।”
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তার অধীনে ক্লাবটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক বড় শিরোপা জেতে। জার্মান জাতীয় দলেও তার সহকারী হিসেবে থাকবেন লিভারপুলের সাবেক সহকারী কোচ পেপ লিন্ডার্স।