আর্জেন্টিনায় স্কালোনি-অধ্যায় কি শেষের পথে? মিলল না পরিষ্কার উত্তর
আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এবারও স্পষ্ট কোনো উত্তর দেননি বিশ্বকাপজয়ী এই কোচ।বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে চীনা গণমাধ্যম মিগুকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ও আর্জেন্টিনার নতুন প্রজন্ম নিয়ে কথা বলেছেন স্কালোনি।২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি। এবারও নিজের অবস্থান পুরোপুরি বদলাননি।স্কালোনির পরিকল্পনায় এখন তরুণ ফুটবলারদের আরও বেশি সুযোগ দেওয়া। তবে জাতীয় দলের ভবিষ্যৎ গঠনে নিজের উপস্থিতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন না তিনি।স্কালোনি বলেন, “এটা কঠিন হবে, সহজ হবে না। কোচ হিসেবে, একটা দলের নেতা হিসেবে সেটা বুঝতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়।”বিশ্বকাপের পর নতুন করে আরেকটি সফল দল গড়ে তোলার চ্যালেঞ্জও স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, গত কয়েক বছরে জাতীয় দলের সঙ্গে সমর্থকদের যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আবার একইভাবে তৈরি করা সহজ হবে না।সামনের ম্যাচগুলোতে তাই নতুন প্রজন্মের ফুটবলারদের পরখ করতে চান স্কালোনি। আগুস্তিন জিয়াই, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো ও রোমান ভেগার মতো তরুণদের সাম্প্রতিক দলে রাখাও সেই পরিকল্পনার অংশ।
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। বিশ্বকাপের পর তিনি জানিয়েছিলেন, চুক্তির মেয়াদ শেষ করে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ধরে রাখতে আগ্রহী হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ৪৮ বছর বয়সী এই কোচ।