খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহিদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শহিদুল ইসলাম কলিন একই এলাকার মাহাতাব শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি নিহতের পরিবারকে জানান।স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, নিহত কলিনের বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন এবং মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবার সন্ধ্যায়ও বাড়ি থেকে বের হওয়ার পর তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।ওসি আরও জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।