লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক
রাঙ্গামাটির লংগদু উপজেলায় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রের দাবি, আটক ছিপন চাকমা (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও বাসিন্দাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে হুমকি দেওয়া, সবজি বাগান নষ্ট করা ও কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আবারও চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক রয়েছে। চাঁদাবাজি, মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে আটক ব্যক্তিকে লংগদু থানায় সোপর্দ করা হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।