সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে মেলার র‍্যাফেল ড্র বন্ধের দাবিতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র‍্যাফেল ড্র, জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে ‘সচেতন জনতা সৈয়দপুর’ ব্যানারে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন।সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, শিক্ষক ও সাংবাদিক শাহাবাজ উদ্দিন, জামে আরাবিয়া মাদরাসার মুহতামিম ইলিয়াস রিয়াজী এবং নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরও মেলায় র‍্যাফেল ড্র, জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।এর আগে ৬ জুলাই নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ জুলাই একই দাবিতে স্থানীয় তামান্না মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।অন্যদিকে, আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়ে ১৭ জুলাই সংবাদ সম্মেলন করে মেলা কমিটি সব অভিযোগ অস্বীকার করে। আয়োজকদের প্রধান এস এম রাশেদ বলেন, মেলায় কোনো ধরনের জুয়া, লটারি বা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় না। তার দাবি, প্রবেশ টিকিটের সঙ্গে থাকা র‍্যাফেল ড্র যথাযথ অনুমতি নিয়েই পরিচালিত হচ্ছে এবং এর একটি অংশ দর্শনার্থীদের পুরস্কার হিসেবে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

সৈয়দপুরে মেলার র‍্যাফেল ড্র বন্ধের দাবিতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম