বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে কুবি ছাত্রদলের কর্মশালা

মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং দক্ষ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হারুন, ছাত্র উপদেষ্টা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।এসময় দক্ষ নেতৃত্বের গুণাবলি বিকাশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখা এবং র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও নেতাকর্মীরা আলোচনা করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান বলেন,"আদর্শ ক্যাম্পাস হলো মেধা বিকাশ, চরিত্র গঠন এবং সুস্থ সামাজিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র। আর এই কেন্দ্রকে নিরাপদ, সমৃদ্ধ ও কার্যকর রাখতে জরুরি দক্ষ নেতৃত্ব গঠন, মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং র‍্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।"ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হারন বলেন,'নেতৃত্বের প্রকৃত অর্থই হলো যেকোনো পরিস্থিতিতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সঠিক পথ বেছে নেওয়া। বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের প্রধান দায়িত্ব পড়াশোনা। পড়ালেখার শক্ত ভীত তৈরি করে রাজনীতি বা অন্যান্য সংগঠনে যুক্ত হওয়া উচিত।'ছাত্র উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "আমাদের ক্যাম্পাসে মাদক এবং র‍্যাগিং নিয়ে নানারকম সংঘাত, সমস্যার তৈরি হয়, যেগুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্যার মধ্যে থাকে। এসব প্রোগ্রামের মাধ্যমে দক্ষ নেতৃত্বের বিষয়ে ধারনা দিতে হবে । মাদকের যে নেশা এবং এই নেশা থেকে কিভাবে দূরে থাকা যায় তার ভয়াবহতা সম্বন্ধে আলোচনা করতে হবে। র‍্যাগিং বিরোধী এবং র‍্যাগিংয়ের ফলে কি কি সমস্যা তৈরি হয়, র‍্যাগিংয়ের বিপক্ষে আমাদের একটা সচেতনতা তৈরি করবে।'লোক প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন,"নেতৃত্বের অনেকগুলো ডাইমেনশন রয়েছে, এটা একটা বহুমুখী কনসেপ্ট। নেতৃত্বগুণ হচ্ছে-নেতার শিক্ষা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, নেতার দায়িত্ববোধ, নেতার ডিসিশন মেকিং ক্যাপাসিটি, সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানো, তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং মানুষের পাশে দাঁড়ানো।  বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে মাদক। ৮৩ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সাথে সংযুক্ত। যার অধিকাংশরাই হচ্ছে তরুণ প্রজন্মের। ক্যাম্পাসে আমরা বিভিন্ন গবেষণালব্ধ তথ্য থেকে পাই, বিভিন্ন হলের কোন না কোন জায়গায় মাদকের কম-বেশি পাদুর্ভাব আছে।"কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর সদস্য সচিব আবুল বাশার  বলেন,'আমরা ক্যাম্পাসে এসেছি পড়াশোনা করার উদ্দেশ্যে, ক্যাম্পাসে যারাই আছি সবাই শিক্ষার্থী। মাদক একটি ব্যাধি এবং মাদক একটি ক্যান্সার। এতে অসংখ্য যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কোনো মাদকসেবিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো ফ্যাকাল্টি বা হলের দায়িত্ব দেওয়া হবে না এবং ক্যাম্পাসকে র‍্যাগিং মুক্ত রাখতে হবে। সেজন্য ছাত্রদলের দায়িত্ব হলো এই ক্যাম্পাসের আনাচে-কানাচে সকল শিক্ষার্থীকে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে।'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "এই কর্মশালাটি মূলত অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে একটি সুসংগঠিত এবং শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য। সর্বপ্রথম যে বিষয়টির দিকে আমরা লক্ষ্য রাখব, সেটি হচ্ছে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস। অনেকে সাময়িক কুপ্ররোচনায় পড়ে অনেক জুনিয়রকে র‍্যাগিংয়ের নামে মানসিক টর্চার করে। এই র‍্যাগিং বন্ধ করার পাশাপাশি বর্তমানে আমাদের সমাজে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আশঙ্কাজনক ইস্যুটি হচ্ছে মাদকের বিস্তার লাভ। আমাদের এই ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে হবে। তাহলেই একটি ক্যাম্পাস স্থিতিশীল এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ সম্ভব।'

মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে কুবি ছাত্রদলের কর্মশালা