জাতীয় দল ছাড়ার পর মেসিকে সম্মান জানাতে দশম মিনিটে হাততালির আয়োজন
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিকে সম্মান জানানো নিয়ে রোজারিও ডার্বির আগে তৈরি হয়েছে বিতর্ক। রোববার রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের ম্যাচে মেসিকে হাততালি দেওয়া হবে কি না, তা নিয়েই দুই পক্ষের সমর্থকদের মধ্যে চলছে আলোচনা।জাতীয় দল থেকে মেসির অবসরের পর তাকে সম্মান জানাতে এ সপ্তাহান্তে ম্যাচের ১০ মিনিটে এক মিনিট হাততালির আয়োজন করা হয়েছে। ডেপোরটিভির তথ্য অনুযায়ী, ক্লাউসুরার অষ্টম রাউন্ডের পাশাপাশি আর্জেন্টিনার বিভিন্ন পর্যায়ের ফুটবলেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুষ ও নারী ফুটবলের সঙ্গে ফুটসাল ও সৈকত ফুটবলও এর আওতায় রয়েছে।মেসিকে ঘিরে সমর্থকদের মতভেদরোববার নিজেদের মাঠ হিগান্তে দে আরোইতোতে নিউয়েলস ওল্ড বয়েজের মুখোমুখি হবে রোজারিও সেন্ট্রাল। মেসি নিউয়েলসের সমর্থক হওয়ায় ডার্বির আবহে তাকে সম্মান জানানোর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল সমর্থকদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ নিয়ে চলছে পাল্টাপাল্টি মত। কেউ মেসিকে দুয়ো দেওয়ার পক্ষে, আবার কেউ হাততালিতে অংশ না নিয়ে নীরব থাকার কথা বলছেন।আরেকটি প্রস্তাবও এসেছে সমর্থকদের পক্ষ থেকে। ১০ মিনিটে মেসিকে হাততালি দেওয়ার পর ১১ মিনিটে গ্যালারিতে আনহেল দি মারিয়ার নামে স্লোগান দেওয়ার কথা ভাবছেন কেউ কেউ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দি মারিয়ার সঙ্গে রোজারিও সেন্ট্রালের সম্পর্ক রয়েছে।প্রতিদ্বন্দ্বিতা ভুলে সম্মানের আহ্বানতবে ক্লাবীয় প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে মেসিকে সম্মান জানানোর পক্ষেও রয়েছেন সেন্ট্রালের অনেক সমর্থক। আলোচনায় বারবার উঠে আসছে ২০২৩ সালের জুনের একটি ঘটনা।সেবার নিউয়েলসের মাঠে মাক্সি রদ্রিগেসের বিদায়ী ম্যাচে রোজারিও সেন্ট্রালের দি মারিয়াও উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। সেই স্মৃতি সামনে এনে মেসির ক্ষেত্রেও একই ধরনের সম্মান দেখানোর পক্ষে মত দিয়েছেন অনেকে।তবে শেষ পর্যন্ত রোজারিও ডার্বির গ্যালারিতে মেসিকে ঘিরে কী প্রতিক্রিয়া দেখা যাবে, সেটি জানা যাবে ম্যাচের দিনই।