খুলনায় ট্রেনের ধাক্কায় তরুণ ও বৃদ্ধ নিহত, সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনা
খুলনায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।নিহতরা হলেন ফুলবাড়িগেটের মীরেরডাঙা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাঁ হাত, পা ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর সকাল ৯টার দিকে ফুলবাড়িগেট এলাকায় আরেকটি দুর্ঘটনায় নিহত হন জয়নাল আবেদীন। সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ওই এলাকায় পৌঁছান। এ সময় খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তাঁর এক পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।এসআই এস এম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বৃদ্ধ জয়নাল আবেদীনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর স্বজনরা কাজ করছেন।