মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট, উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় শ্রমিকদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী।প্রতিকূল আবহাওয়ায় চা-বাগান শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম নেওয়া হয়েছে।এই উদ্যোগের আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।জানা গেছে, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ’ (বাপি) ১০ হাজার, ‘শেভরন বাংলাদেশ’ ৫ হাজার এবং ‘পাণ্ডুঘর গ্রুপ’ ৫ হাজার রেইনকোট প্রদান করছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব।তিনি বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কাজে বেসরকারি খাতের অংশগ্রহণকে সরকার স্বাগত জানায়। এ ধরনের উদ্যোগে সরকার সবসময় সহযোগিতা করবে।বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসার পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।চা-শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।অনুষ্ঠানে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শ্রীমঙ্গলের কালিঘাট, মাকড়িছড়া, ভাড়াউড়া, রাজঘাট, মাজদিহি, কমলগঞ্জের ফুলবাড়ী, মাধবপুর, উত্তর আলীনগর ও পাত্রখোলা চা-বাগানের শ্রমিকরা। অনুষ্ঠানে মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।

চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট, উদ্বোধন প্রধানমন্ত্রীর