মিরপুরে সরকারি জমি দখল নিয়ে তোলপাড়, অভিযুক্ত বিএনপি-আওয়ামী লীগ নেতারা
রাজধানীর রূপনগর এলাকায় শতকোটি টাকার সরকারি জমি দখলকে কেন্দ্র করে আলোচনায় স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, তারা একজোট হয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ-এর জমি দখল করেছেন।গত ৯ মে রূপনগরের দুয়ারীপাড়া সেকশন-৮-এর ক ও খ ব্লকের সরকারি জমিতে লোহার পাইপ, অ্যাঙ্গেল ও টিনের বেষ্টনী নির্মাণ করে দখল নেয় একটি চক্র। বিষয়টি নিয়ে রূপনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ।জাগৃকের ঢাকা উপবিভাগ-১-এর উপসহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান অভিযোগে উল্লেখ করেন, ১৯৯০ সালের গেজেট অনুযায়ী জমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত সম্পত্তি। অথচ ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে প্রবেশ করে সরকারি রাস্তা ও জমি দখল করে বেষ্টনী নির্মাণ করে।অভিযোগে মোবারক হোসেন মেম্বার, শিপু মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, জাকির হোসেন শান্ত, নজরুল ইসলাম (নজু), ফার্নিচার নাসিরসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, অন্যরা স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি দখলের পাশাপাশি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর কাজেও সক্রিয় এই চক্র। নতুন ভবনের মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলেও অভিযোগ উঠেছে।
গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতেও একাধিকবার অবৈধ দখলদার উচ্ছেদ করা হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর ফের সক্রিয় হয়ে উঠেছে দখলচক্র। সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশি টহল বৃদ্ধি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।