মঙ্গলবার সিলেটে রাষ্ট্রপতি, জোরদার নিরাপত্তা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। সফরকে কেন্দ্র করে নগরজুড়ে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিমানে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।নিরাপত্তায় প্রায় ১২০০ পুলিশসিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।সফরকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির তিনটি কর্মসূচিকে ঘিরে পাঁচটি ভেন্যুতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।তিনি বলেন, মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবেন। প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও সহযোগিতা করবে।রাষ্ট্রপতির চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সাজছে সিলেট নগরীরাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজ জোরদার করা হয়েছে।সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সিসিকের প্রস্তুতি প্রায় শেষ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসীও প্রস্তুত রয়েছে।৭ স্পটে বিএনপির স্বাগত কর্মসূচিরাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরের গুরুত্বপূর্ণ ৭টি স্থানে অবস্থান নেবেন সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।বিমানবন্দর থেকে নগরে প্রবেশের পথে চৌকিদেখী, আম্বরখানা, দরগাহ গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরান গেটে নেতাকর্মীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।বিকেলে নাগরিক সংবর্ধনাঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।