বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার
রাজধানীর বঙ্গভবনে প্রথমবারের মতো অফিস করতে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। এ সময় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবনে তার আগমন সম্পন্ন হয়।এর আগে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।পরদিন নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর রোববার বঙ্গভবনে প্রবেশের মাধ্যমে শুরু হলো তার নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন।