বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের ভয়াবহ প্রতিযোগিতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্র।প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক সামরিক ব্যবহারের উপযোগী ওয়ারহেডের প্রায় ৮৩ শতাংশই এই দুই দেশের হাতে। বর্তমানে বিশ্বের মোট ১২,১৮৭টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে প্রায় ৯,৭৪৫টি সামরিক মজুতে রাখা রয়েছে।সিপ্রি আরও জানায়, উচ্চ সতর্ক অবস্থায় থাকা প্রায় ২,২০০টি ওয়ারহেডের প্রায় সবই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে এর সামান্য অংশ রয়েছে।চীন দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে, অন্যদিকে ভারত ও পাকিস্তানও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে। ইসরায়েল ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিও নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বড় শক্তিগুলোর আধুনিকায়ন ও অস্ত্র বৃদ্ধি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।