বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ব্রিকসের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ভুয়া’: ভারত

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ‘ভুয়া’ ও বিভ্রান্তিকর বলে নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্টের বিরুদ্ধে সতর্ক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অসুস্থতার কথাও ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব দাবিকে বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে। তবে রামাফোসার অসুস্থতার বিষয়টি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে রামাফোসা আপাতত জনসম্মুখের কর্মসূচি থেকে বিরত থাকছেন। তিনি ব্রিকস সম্মেলন শেষে সোমবার ভারত থেকে দেশে ফেরেন। অন্যদিকে, শি জিনপিং সম্মেলনে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন বা চিকিৎসার জন্য সম্মেলনস্থল ছেড়ে গেছেন এমন দাবির পক্ষে চীন বা ভারতের কোনো সরকারি সূত্রের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শি ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। সম্মেলনের প্রথম দিনের নৈশভোজে শি জিনপিংয়ের অনুপস্থিতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ায়। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়, দীর্ঘ বিমানযাত্রা ও সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত থাকায় তিনি নৈশভোজে অংশ নেননি। ফলে ব্রিকস সম্মেলন-পরবর্তী বিশ্বনেতাদের অসুস্থতার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সঙ্গে নিশ্চিত তথ্যের পার্থক্য রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই ছাড়া এসব পোস্টে বিশ্বাস বা সেগুলো ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে।

ব্রিকসের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ভুয়া’: ভারত