বাগেরহাটের রামপালে সাবেক আওয়ামী লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাস-এর বিরুদ্ধে প্রায় ৯ দশমিক ৬০ একর জমি জবরদখলে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৫ বছরেও জমি ফেরত না পেয়ে চরম ভোগান্তিতে রয়েছেন ভুক্তভোগী মুরারি মোহন দেবনাথ।লিখিত অভিযোগে মুরারি মোহন দেবনাথ দাবি করেন, উপজেলার হুড়কা মৌজায় তার ক্রয়কৃত জমির বড় একটি অংশ অভিযুক্ত পার্থ প্রতিম বিশ্বাস জোরপূর্বক দখলে রেখেছেন। বিষয়টি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম-এর কাছে আবেদন করা হলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।পরে অভিজিৎ চক্রবর্তী উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও অভিযোগ অনুযায়ী এখনো জমি ফেরত দেওয়া হয়নি।ভুক্তভোগীর অভিযোগ, জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে, যার ফলে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলা হয়েছে।অভিযুক্ত পার্থ প্রতিম বিশ্বাস দাবি করেন, মুরারি মোহন কিছু জমি পাবেন, তবে তিনি যতটুকু দাবি করছেন ততটা নয়। এদিকে স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি ও জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।