পীরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ৫ জন গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল আমানের নির্দেশনায় এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালানো হয়। এ সময় রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা ও পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকা থেকে সন্দেহভাজন পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন ইমাম হোসেন (৫৬), আরমান হোসেন (৩২), পারভেজ হাসান রাজু (২৩), তুহিনুর রহমান সোহেল (৩২) ও মাসুদ রানা (৩৯)। তাদের মধ্যে চারজন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার এবং একজন রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ কর্মকর্তারা আরও জানান, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।