মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ও খ্রিস্টানের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মিলেমিশে বসবাস করব প্রতিমন্ত্রী রাজীব আহসান
মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতির সঙ্গে বসবাসের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, বাংলাদেশ সবার। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকবে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তিনটি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে ৩৫০টি শাড়ি বিতরণ করেন।প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই রাষ্ট্র বাংলাদেশ আপনার, আমার সবার।সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন এই প্রতিশ্রুতি রইল।তিনটি মন্দির পরিদর্শনপ্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চানপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। পরে তিনটি মন্দিরের মাধ্যমে অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন। এ উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।উপস্থিত ছিলেন যারাএ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌরসভা বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন ও সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া।এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুবায়ের মাহমুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু সুভাষ দাস এবং মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপঙ্কর মৃধাসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর মন্দির পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি শেষ হয়।