বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা জেল হাজতে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান-এর সহকারী একান্ত সচিবসহ দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেন পৃথক শুনানিতে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।জেল হাজতে পাঠানো দুই ব্যক্তি হলেন সাবেক মন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব ও নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।আদালত সূত্রে জানা যায়, শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা পৃথকভাবে জামিনের আবেদন করেন। হাসনাতের পক্ষে অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম শুনানিতে অংশ নেন। শুনানিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তার নামও রয়েছে। অভিযোগে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।এছাড়া, ২০২৩ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়, যেখানে সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের নাম রয়েছে। বাদীপক্ষের অভিযোগ, উভয় মামলাতেই রাজনৈতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আদালত জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা জেল হাজতে