রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও কর্মসূচি পালনের জন্য সেখানে যাচ্ছেন তারা।বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের পথে রওনা হয়।গাড়িবহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন এনসিপি নেতারা। তাদের দাবি, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।ঘটনার প্রতিবাদে এনসিপি হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। পরে একই স্থানে বিএনপি ও ছাত্রদলও পাল্টা কর্মসূচির ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এ অবস্থায় বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের কাছাকাছি অবস্থানে রয়েছেন।১৪৪ ধারার মধ্যে কর্মসূচি কীভাবে পালন করা হবে এ বিষয়ে তিনি বলেন, আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে হামলার পর সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ থাকার অভিযোগ ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা হবিগঞ্জ ত্যাগ করেন। নতুন কর্মসূচিকে ঘিরে আবারও জেলাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।