যুবদলে বিতর্ক, কমিটি স্থগিত ও সভাপতি-সম্পাদক শোকজ
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার এক আসামিকে দলীয় পদ দেওয়াকে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিষ্কার করার পাশাপাশি ফেনী পৌর যুবদলের কমিটির কার্যক্রম স্থগিত করেছে।রোববার (৩ মে) যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপন করে পদ গ্রহণের অভিযোগে এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ফেনী পৌর যুবদলের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং ৩০ এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে।এ ছাড়া বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদনের দায়ে ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে শোকজ করা হয়েছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।দলীয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় এনামুল হক সুজনকে। তবে ২০১৭ সালে মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি হওয়ায় বিষয়টি নিয়ে তৃণমূলে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জন পদত্যাগ করেন।পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে আসলে কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নেয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তাধীন ওই মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের পর স্থানীয়ভাবে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে জানা গেছে।