মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: নাশকতার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান এবি পার্টির

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এসব ঘটনার পেছনে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।গত কয়েকদিনের ধারাবাহিক ঘটনা এবং আজ ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণসহ রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।দলটির নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পতিত ও পরাজিত শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল গ্রহণ করতে পারে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।তারা আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। সেই পরিবর্তনের পথ বাধাগ্রস্ত করতে কেউ যদি আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।নেতারা বলেন, ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ দেওয়া যাবে না।এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতে আতঙ্ক সৃষ্টি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। তবে নাশকতা দমনের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি কিংবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি।বিবৃতিতে নেতারা আরও বলেন, দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি। কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পরাজিত হতে পারে না।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: নাশকতার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান এবি পার্টির