মিরপুরের পর কেরানীগঞ্জে পিকআপে আগুন, আতঙ্ক
রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে অগ্নিসংযোগের পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে মূল সড়কের ওপর রাখা পিকআপটিতে আগুন লাগে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা জব্দ করা পিকআপটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের দুটি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে বাড্ডাতেও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।মিরপুর-১ এলাকায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পল্লবীর মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মিরপুর-১ এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তা সফল হয়নি। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কেরানীগঞ্জে থানার সামনে জব্দ পিকআপে আগুনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।