বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, রাচিন রবীন্দ্রর কাঁধ ডিসলোকেট
মাঠের ম্যাচে নয়, বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ডাইভ দিয়ে ক্যাচ ধরার দৃশ্য ধারণের সময় অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে ডান কাঁধ ডিসলোকেট হয়েছে তার। এতে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।গত বুধবার অকল্যান্ডে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাইয়ের একটি প্রচারণামূলক শুটিংয়ে অংশ নেন রাচিন। শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করছিলেন তিনি। নিরাপত্তার জন্য রাখা ম্যাটে পড়ে যাওয়ার পরই ডান কাঁধে চোট পান এই কিউই তারকা।শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় কাঁধে বড় ধরনের কাঠামোগত ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট।রাচিনের মাঠে ফেরার সময় মূলত পুনর্বাসনের শুরুর কয়েক সপ্তাহে তার শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে। তাই ভারতের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।আগামী ২২ অক্টোবর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা রয়েছে।নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘অস্বাভাবিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, শুটিংয়ের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও ভবিষ্যতে ক্রিকেটারদের বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করবে নিউজিল্যান্ড ক্রিকেট।
প্রধান কোচ রব ওয়াল্টারও রাচিনকে দ্রুত মাঠে ফেরানোর পক্ষে নন। সামনে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা রয়েছে নিউজিল্যান্ডের।