সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

নেকড়ের অভিশাপে রবার্ট এগার্সের ‘ওয়্যারউলফ’

ফোক হরর ঘরানায় স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য পরিচিত পরিচালক রবার্ট এগার্স এবার নিয়ে আসছেন নতুন সিনেমা ‘ওয়্যারউলফ’। ‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র পর তার নতুন এই সিনেমা ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।১৩ শতকের ইংল্যান্ডকে পটভূমি করে নির্মিত ‘ওয়্যারউলফ’-এর ট্রেলারে দেখা গেছে এক রহস্যময় অভিশাপের গল্প। অ্যারন টেলর-জনসন অভিনীত চরিত্রটি ধীরে ধীরে রক্তপিপাসু নেকড়ের মতো প্রাণীতে রূপান্তরিত হতে থাকে।তার স্ত্রী চরিত্রে রয়েছেন লিলি-রোজ ডেপ। স্বামীকে ভয়ংকর এই অভিশাপ থেকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় তাকে।সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উইলেম ড্যাফো। লোকালয়ে আতঙ্ক ছড়ানো নেকড়েদের বিরুদ্ধে লড়াই করা এক যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেলারে তার কণ্ঠে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’ট্রেলারের শেষদিকে অ্যারন টেলর-জনসনের চরিত্রের ভয়ংকর রূপান্তরের আভাসও পাওয়া যায়। কাঁপতে থাকা শরীর ও অস্বাভাবিক পশুর রূপ নেওয়ার দৃশ্য সিনেমাটির ভৌতিক আবহকে আরও স্পষ্ট করেছে।‘ওয়্যারউলফ’-এ আবারও একসঙ্গে অভিনয় করছেন অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফো। এর আগে রবার্ট এগার্সের ‘নসফেরাতু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই তিন অভিনেতাকে।‘নসফেরাতু’ ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ১৮ কোটি ডলার আয় করে এবং চারটি কারিগরি বিভাগে অস্কার মনোনয়ন পায়। সেই সাফল্যের পর একই তিন অভিনেতাকে নিয়ে এবার ভিন্ন এক লোককথাভিত্তিক ভৌতিক গল্প পর্দায় আনছেন রবার্ট এগার্স। ‘ওয়্যারউলফ’ আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

নেকড়ের অভিশাপে রবার্ট এগার্সের ‘ওয়্যারউলফ’