প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে সৈয়দপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে প্রস্তুতি সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতারা।সভায় তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সফরসংশ্লিষ্ট কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের সৈয়দপুরে কোনো কর্মসূচি না থাকলেও তাঁকে স্বাগত জানাতে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানাবেন দলীয় নেতাকর্মীরা। সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে এ উদ্যোগ সফল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর রংপুর ও রাজশাহী বিভাগের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরসূচি অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৯টায় আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি রংপুরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।