সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

যৌতুক মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আরমান হোছাইনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৩ আগস্ট ২০২৬) রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলাটি নারী ও শিশু মামলা নং-৬৬/২৩। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় অভিযোগ আনা হয়।মামলার বাদী মোসা. মিনুয়ারা আক্তার এবং আসামি তার স্বামী মো. আরমান হোছাইন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর সামাজিক ও ধর্মীয় রীতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে আরমান হোছাইনের সঙ্গে মিনুয়ারা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।বাদিনীর অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সংসার টিকিয়ে রাখার আশায় বাবার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫ লাখ ৮ হাজার টাকা এনে দেন তিনি। পরে স্বামী বিদেশে যাওয়ার কথা বলে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন।মামলার অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে না পারায় মিনুয়ারা আক্তারকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে সন্তানকে নিয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন তিনি।এরপর স্বামী ও শ্বশুরের সঙ্গে যোগাযোগ করে সংসারে ফেরার চেষ্টা করলেও দাবিকৃত দুই লাখ টাকা না দিলে তাকে আর সংসারে নেওয়া হবে না বলে জানানো হয়।অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ১২ জুন সকালে সংসার করার অনুরোধ জানালে স্বামী পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।মামলায় বাদিনীসহ মোট পাঁচজন সাক্ষ্য দেন। আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের রায় সমাজে যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে ইতিবাচক বার্তা দেবে।

যৌতুক মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা