কোটালীপাড়ায় পুকুরে মিলল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকায় একটি পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মিরাজুল উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের অর্থ জোগাড় করা নিয়ে পরিবারের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ হতো বলে স্বজনরা জানিয়েছেন। বিভিন্ন সময় পরিবারের সদস্যদের ওপর হামলা এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তাঁর বোন নুপুর বেগম।নুপুর বেগম জানান, শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন মিরাজুল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির কাছের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।স্বজনরা জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তাঁদের দুই সন্তান বর্তমানে মায়ের কাছেই রয়েছে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাটির পেছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।