প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আট গোলের ম্যাচে সান্ডারল্যান্ডের হয়ে ব্রায়ান ব্রবি হ্যাটট্রিক করলেও ইতিহাদ স্টেডিয়াম থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি সফরকারীরা।ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেছেন আন্তোয়ান সেমেনিও। একটি করে গোল পেয়েছেন এনজো ফার্নান্দেজ, রায়ান শেরকি ও আর্লিং হালান্ড।ম্যাচে দুবার সমতায় ফিরেছিল সান্ডারল্যান্ড। ব্রবি একাই তিনবার গোল করে সফরকারীদের ম্যাচে টিকিয়ে রাখেন। একপর্যায়ে ব্যবধান ৪-৩ করে সিটিকে চাপে ফেলে সান্ডারল্যান্ড।সেই সময় গোললাইন থেকে দুর্দান্তভাবে বল ফিরিয়ে সিটিকে বড় বিপদ থেকে রক্ষা করেন রুবেন দিয়াস। এরপর ম্যাচের শেষদিকে আর্লিং হালান্ড গোল করে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেন।হালান্ডের এই গোলের সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত একটি রেকর্ডও। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যে ২৫টি দলের বিপক্ষে খেলেছেন, প্রতিটির বিপক্ষেই অন্তত একটি করে গোল করেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।অন্যদিকে ব্রায়ান ব্রবি ২০১৬ সালে জারমেইন ডিফোর পর সান্ডারল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। তবে তার দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানচেস্টার সিটি। টানা পাঁচ ম্যাচ জিতে লিগের শীর্ষস্থানও ধরে রেখেছে সিটিজেনরা।