শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ায় মিলল মোটরসাইকেল

বরিশাল থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাটগাতী এলাকার একটি নির্জন স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় বরিশালের বাসিন্দা মো. আরিফ (৪৮) গত ২৭ জুলাই বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। দণ্ডবিধির ৩৭৯ ধারায় দায়ের করা মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফ (২৪)সহ চারজনকে আসামি করা হয়েছে।মামলার তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান শুরু করে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলীর নির্দেশনায় এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাটগাতী এলাকায় অভিযান চালায়। পরে একটি নির্জন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।অভিযানে এসআই নাজমুল ইসলামকে সহযোগিতা করেন এএসআই মো. জাবেদ হোসেন, এএসআই মো. সবুজ ও কনস্টেবল জাহিদুল ইসলাম।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে মোটরসাইকেলটি চুরি হয়। চুরির পর সেটি কীভাবে টুঙ্গিপাড়ায় এলো এবং কারা সেখানে রেখে গেছে-এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান সফল হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি মালিক মো. আরিফের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর মোটরসাইকেল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। একই সঙ্গে চুরি ও ছিনতাই ঠেকাতে পুলিশের নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ায় মিলল মোটরসাইকেল