ভাঙ্গুড়ায় মে দিবসে আদিবাসীদের অধিকার নিয়ে জোরালো দাবি
পাবনায় সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত এই অঙ্গীকারকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।১লা মে খানমরিচ বিএম কলেজ অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেড-এর উদ্যোগে এবং আমরাই পারি ও ক্রিস্টান এইড-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও শ্রম অধিকার বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন।সভায় সভাপতিত্ব করেন জ্ঞানেন্দ্র নাথ সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজ শিক্ষক ও লেখক এস এম শিমুল। আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. দুলাল সরকার, আদিবাসী নেত্রী মৌসুমী বসাক, নারী নেত্রী আলো রানী সরকার এবং ব্রেড-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রঞ্জিত কুমার।বক্তারা ১৮৮৬ সালের শিকাগো হে মার্কেট আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, মে দিবস শুধু আনুষ্ঠানিকতা নয় এটি শ্রমিক অধিকারের সংগ্রামের প্রতীক। তারা আরও বলেন, এখনো আদিবাসী ও নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন।লেখক এস এম শিমুল বলেন, শ্রমিক ও মালিকের সম্পর্কের ভারসাম্য ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আদিবাসী নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করলেই বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।
র্যালি ও মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।