জামালপুরে খালে ভাসল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হত্যার সন্দেহ
জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি খালে ফেলে রাখা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তারা মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।