বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

দিল্লি অচল, শিক্ষার্থীদের বিক্ষোভে মেট্রো সেবা বন্ধ শহরজুড়ে রেড অ্যালার্ট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তেজনা বেড়েছে। প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আয়োজিত বিক্ষোভের প্রভাবে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি) গুরুত্বপূর্ণ ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। এতে কর্মব্যস্ত সময়ে সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।বুধবার (২২ জুলাই) সকালে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও ও খান মার্কেটসহ মধ্য দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ করা হয়।আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। রেল চলাচল চালু থাকলেও বন্ধ স্টেশনগুলোতে ট্রেন না থামায় অনেক যাত্রী মাঝপথে নেমে বিকল্প পথে গন্তব্যে যেতে বাধ্য হন।যাত্রীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়া মেট্রো স্টেশন বন্ধ হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত চাপ তৈরি হয়।এক যাত্রী জানান, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।এদিকে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা প্রমোদ তিওয়ারি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় সরকার আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিল্লি অচল, শিক্ষার্থীদের বিক্ষোভে মেট্রো সেবা বন্ধ শহরজুড়ে রেড অ্যালার্ট