বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

একনেকে ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-“চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন”, “গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ”, “জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ”, “হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ”, “সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ”, “সাভার সেনানিবাসে এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ”, “চট্টগ্রাম সিটি আউটার রিং রোড”, “পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)” এবং “ময়মনসিংহে গ্যাস পাইপলাইন নির্মাণ” প্রকল্প। এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। প্রকল্প দুটি হলো- “ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন” এবং “বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ”।

একনেকে ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন