রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি
সৌদি আরবে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুরে গিয়ে তাঁরা নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে যুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।পরিবারের খোঁজখবর নিলেন নেতারাসাক্ষাৎকালে আশরাফ উদ্দিন মাহদি এবং এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা ও ওলামা অ্যালায়েন্সের প্রতিনিধিরা শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তাঁরা পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি সৌদি আরবে উপস্থিত হয়েছেন।স্মৃতিচারণায় আবেগাপ্লুত আশরাফ উদ্দিন মাহদিমুফতি নাসরুল্লাহ বদরের স্মৃতিচারণা করতে গিয়ে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, লালবাগ মাদ্রাসায় পড়ার সময় নাসরুল্লাহ তাঁর চার ব্যাচ সিনিয়র ছিলেন। দেখা হলেই তিনি হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাঁকে দীর্ঘ সময় কিতাব অধ্যয়ন করতে দেখেছেন বলেও জানান তিনি।আশরাফ উদ্দিন মাহদি আরও বলেন, নাসরুল্লাহর ইচ্ছা ছিল ওমরাহ করতে গিয়ে তাঁর বাবরি চুল কাটবেন। তাঁর এই স্মৃতি তুলে ধরে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।তিনি বলেন, অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এমন কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা সবার দায়িত্ব।ভিডিও কলে পরিবারের প্রতি সমবেদনা নাহিদ ইসলামেরএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সহমর্মিতা জানান এবং খোঁজখবর নেন।নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে তিনি বলেন, আল্লাহ তাআলা মুফতি নাসরুল্লাহকে কবুল করেছেন। পরিবারের সদস্যরা তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি তাঁদের উত্তম প্রতিদান কামনা করেন।সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।