বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সর্বজনীন পেনশনে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের মুনাফা প্রদানের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। অনুমোদনের পর সংশ্লিষ্ট অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের হিসাবে নির্ধারিত হারে মুনাফা যুক্ত হবে।এ ছাড়া পেনশনারের মৃত্যুর পর তার নমিনিকে ৭৫ বছরের পরিবর্তে ৮০ বছর পর্যন্ত পেনশন দেওয়ার সুযোগ রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় ইসলামিক ভার্সন চালুর প্রস্তাবও সভায় গুরুত্ব পেয়েছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।বিশেষ পরিস্থিতিতে চাঁদাদাতাদের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার প্রস্তাবও বিবেচনায় নেওয়া হয়েছে। ন্যূনতম পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো পরিস্থিতিতে নির্ধারিত শর্তে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ তৈরির সিদ্ধান্ত হয়েছে।গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাবও সভায় আলোচিত হয়। পাশাপাশি ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ অনুমোদিত প্রতিষ্ঠানের কমিশন নির্ধারণ এবং পেনশন স্কিমের আওতায় স্বাস্থ্যবীমা চালুর বিষয়েও আলোচনা করা হয়। সভায় আগের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও টেকসই, কার্যকর ও গ্রাহকবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সর্বজনীন পেনশনে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ