বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় পাঠানো হবে গুম-খুন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের ১ হাজার জন: প্রধানমন্ত্রী

১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের জন্য থাকছে বিশেষ সুযোগ।বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় ১ হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রতারণা বন্ধে সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং বিদেশ যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করার প্রস্তাব দেন তিনি।তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার খরচ সরকার নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করলে সাধারণ মানুষকে জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এতে গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্যও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। বিগত সরকারের আমলে এসব অনিয়মের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত কিংবা কমিয়ে দিয়েছিল।তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার সফল হয়েছে। সেখানে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী জানান, এই ১০ হাজার কর্মীর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় ১ হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।এ সময় বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী।বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে সংসদ সদস্যের প্রস্তাব প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রণোদনার অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করা হলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।তিনি আরও জানান, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর মোট খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। সরকার এখন পর্যন্ত এ ব্যয় নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রেও একইভাবে খরচ সীমিত রাখার প্রক্রিয়া চলছে।

মালয়েশিয়ায় পাঠানো হবে গুম-খুন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের ১ হাজার জন: প্রধানমন্ত্রী