মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল কিনছে চীন
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে চীন। এ বিষয়ে দেশটির সরকার নিজেদের তেল শোধনাগারগুলোকে রক্ষায় আইনি নির্দেশনা জারি করেছে।শনিবার (২ মে) চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র যেসব চীনা শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলো যাতে কার্যকর না হয় সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।চীনের দাবি, ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। এর ফলে ইরান-এর তেল রপ্তানি সীমিত করার মার্কিন প্রচেষ্টা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।নিষেধাজ্ঞার আওতায় থাকা শোধনাগারগুলোর মধ্যে রয়েছে হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান), শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংক্সিং কেমিক্যাল।এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানি তেল কেনার অভিযোগে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এই তেল বাণিজ্যের মাধ্যমে ইরানের অর্থনীতি সচল রাখা হচ্ছে।তবে বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের বাণিজ্যিক সিদ্ধান্তে অন্য দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।বিশেষজ্ঞদের মতে, চীনের এই পদক্ষেপ ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার নতুন পথ তৈরি করতে পারে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও চীন-এর মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।